ভাইবোনদের প্রতারণায় সম্পত্তি থেকে বঞ্চিত প্রবাসী নারী
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের আপন ভাইবোনদের জালিয়াতি ও প্রতারণার কারণে প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত সিলেটের এক প্রবাসী নারী। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা তৈরি করে ভাই-বোনেরা পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা করে নিয়েছেন। শুধু তাই নয় দখলে নেওয়া জমিজমা বিক্রি করে দিচ্ছেন তারা।
শনিবার (১৪ আগস্ট) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোছা. শেখার বেগম নামে ওই প্রবাসী নারী। এসময় তিনি ভূমি প্রতারক চক্রের হাত থেকে নিজের প্রাপ্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানান।
শেখার বেগম সিলেট নগরের জালালাবাদ থানাধীন কুশিয়ারা হাওলাদার পাড়ার ১৬ নং বাসার মৃত আব্দুল মালিক চৌধুরীর স্ত্রী। সংবাদ সম্মেলনে শেখার বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে আজিজুল মালিক চৌধুরী লিটন।
সংবাদ সম্মেলনে শেখার বেগম বলেন, ‘আমরা ৬ বোন ও দুই ভাই। এর মধ্যে আমি দীর্ঘদিন থেকে আমেরিকায় অবস্থান করছি। ২০১৯ সালের ১৭ জুন আমার ভাই কামাল উদ্দিন তালুকদার মারা যান। তার কোনো ছেলে সন্তান না থাকায় প্রচলিত আইন অনুযায়ী তার সকল সম্পত্তি ৬ শতক করে আমরা প্রত্যেক ভাইবোন প্রাপ্য। কিন্তু আমি বিদেশে অবস্থান করায় আমার অবর্তমানে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা তৈরি করে আমার ভাইয়ের অংশ হতে প্রাপ্য ৬ শতক ভূমি দেশে থাকা বাকি ভাই-বোনেরা ভাগ-বাটোয়ারা করে নেন এবং পরে আমার অংশের সেই ভূমি থেকে বেশিরভাগ জায়গাই বিক্রি করে ফেলেন। সেই জায়গার অবস্থান হচ্ছে- সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনাসন মৌজার জে.এল নং এস.এ ৭৭, এস.এ ১৫৭ নং খতিয়ানের এস.এ ১৪৪, ১৪৫, ১৪৬, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪, ৩৪২, ৩৪৪, ৩৪৫, ৩৪৭ ও ৩৪৮ দাগে।’
তিনি আরও বলেন, ‘আমার মা পৈত্রিক সূত্রে আরও প্রায় ৪৭ শতক জায়গা প্রাপ্ত হন। সেই জায়গা থেকে আমি আরও প্রায় ৮ শতক জায়গা প্রাপ্য হই। বর্তমান রেকর্ড অনুযায়ী সে জায়গার অবস্থান হচ্ছে- সিলেট সদর সাব রেজিস্ট্রারি অফিসের আওতাভুক্ত সিলেট জালালাবাদ থানাধীন ব্রাক্ষ্মনাসন মৌজার জে.এল নং ৬৬, ১১৯০ নং খতিয়ানের ৫৩৮ নং ডিপি’র ১২১৯, ১২২০, ১২১৩ ও ১২১৪ দাগে। ২০২০ সালে আমার মা মারা যাওয়ার কারণে সেই জায়গা থেকেও আমাকে বঞ্চিত করার পায়তারা করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে শেখার বেগম বলেন, ‘আমাকে আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার মূল হোতা আমার ভাই মৃত কামাল উদ্দিন তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও আমার বোন মোছা. রেখা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক রাজন (৪০)। সে আখালিয়া কালিবাড়ি এলাকার হাওলাদার পাড়ার ব্লক কুশিয়ারার ১৮ নং বাসার আব্দুল হেকিমের ছেলে। সাবিনা ইয়াসমিনের মদদে ও নির্দেশে রাজনই জালিয়াতির মাধ্যমে আমার নাম বাদ দিয়ে জাল উত্তরাধিকারী সনদপত্র ও বাটোয়ারানামা দলিল তৈরি করে ভাইয়ের অংশ থেকে পাওয়া আমার প্রাপ্য সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে এবং মায়ের সূত্রে পাওয়া জমিও আমাকে না দিয়ে বিক্রি করে ফেলার পায়তারা করছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টির সমাধান ও আমার সম্পত্তি ফিরে পাওয়ার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ দেশে এসে বারবার রাজনের সঙ্গে দেখা এবং যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। আমাকে আমার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে না দিয়ে আমাকে এবং আমার প্রবাসী সন্তানদের ফোনে গালিগালাজ করে হুমকি-ধমকি দিচ্ছেন রাজন। ভূসম্পত্তি ফিরে পেতে গত ২৭ জুন সিলেট জেলা যুগ্ম জজ (দ্বিতীয়) আদালতে মামলা দায়ের করেছি। যার স্বত্ব (বাটোয়ারা) মোকদ্দমা নং- ১১০/২০২১ ইং। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে নিজের সম্পত্তি ফিরে পেতে ভূমি জালিয়াত প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
Related News
সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬Read More
শিশু রামিসা হত্যার প্রতিবাদে সিলেটে মহিলা জামায়াতের মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতেRead More



Comments are Closed