Main Menu

নরসিংদীতে নারীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় পারভীন আক্তার (৩০) নামে এক নারীকে টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারীর দেবরসহ চার স্বজনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ওই নারীর পরিবার।

এ ঘটনায় রোববার (৮ আগস্ট) দুপুরে ওই নারীর ছোট ভাই আকরাম হোসেন বাদী হয়ে চার জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন।

রোববার (৮ আগস্ট) সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত কুমার ঘোষ মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা হওয়ার আগেই এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে রায়পুরা থানার পুলিশ। তারা হলেন- রায়পুরার মরজাল এলাকার হাফিজ উদ্দিন মুন্সীর ছেলে আলী হোসেন (৩২) এবং তার ভাগনে ও কাজী আলতাফ হোসেনের ছেলে মো. শাহরিয়ার (১৮)।

এর আগে শনিবার রাতে উপজেলার লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে এ ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ ওই নারীর শরীরের ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ পোড়া নিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

ওই নারীর পরিবার পরিজন জানান, পারভীন আক্তার (৩০) রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী। প্রায় ৮ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। জাকির হোসেন ও পারভীন আক্তার দম্পতির ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মেয়েকে নিয়ে পারভীন তার বাপের বাড়িতে থাকতেন। শনিবার দুপুরে টিকা নিয়ে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেন সাবেক শ্বশুরবাড়ির লোকজন। পরে সন্ধ্যার পর দেবরসহ চার জন তার মুখ বেঁধে লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ের নিচে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় লোকজন তার চিৎকার শুনে আগুন নেভানোর পর তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবে জাকির হোসেনের পরিবারকে ফাঁসানোর জন্য এ ঘটনা সাজানো হয়েছে।

পুলিশ বলছে এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed