Main Menu

জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে ইমরান আহমেদ (১৮) নামের টাঙ্গাইলের এক পর্যটক নিখোঁজ হয়েছে। ইমরান টাঙ্গাইলের ঘাটাইল থানার জোড়দীঘি এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

সিলেট ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর আখতার হোসেন পর্যটক নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে তার সন্ধানে অভিযান চলছে। রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান নিখোঁজ ছিল।

পুলিশ ও নিহতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, ইমরান ও তার ১৪ জন বন্ধু ময়মনসিংহ থেকে বৃহস্পতিবার সকালে হাইয়েস মাইক্রোবাসযোগে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরের পরে ইমরানসহ তিন বন্ধু জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় বেলা আড়াইটার দিকে বন্ধুদের অগোচরে স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় ইমরান।

তার সঙ্গে থাকা রাজু আহমেদ জানান, তারা ১৪ জন বন্ধু মিলে জাফলং বেড়াতে যান। দুপুরে ইমরানসহ তিন বন্ধু পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হয় ইমরান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

Share





Related News

Comments are Closed