Main Menu

সিলেটে মসজিদে মসজিদে ঈদের জামাত, করোনা থেকে মুক্তির দোয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃষ্টি উপেক্ষা করেই সকাল ৮টায় সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে ধনী-গরীব নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদেও ৩টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায়, হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদ, কাজীরবাজার মাদরাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায়, নগরীর কুমারপাড়া জামে মসজিদে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ আদায়ের পর মনোযোগ দিয়ে খুতবা শুনেন মুসল্লিরা। এরপর দুরুদ ও ঝিকির শেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনার হাত তুলেন তারা।

প্রার্থনায় আল্লাহর কাছে সামনের-পেছনের সমস্ত গুণাহের জন্য ক্ষমা চান সবাই। কামনা করেন দেশ ও জাতির উন্নতি। সৎ ও সত্য পথে চলার জন্য সবাই সাহায্য প্রার্থনা করেন মহান রবের।

কেঁদে কেঁদে মুসল্লিরা মহামারি করোনাভাইরাসমুক্ত পৃথিবী কামনা করেন। পৃথিবীর বুক থেকে মহান আল্লাহ যেন করোনাকে সরিয়ে দেন, সেই আকুতি ছিল সবার কণ্ঠে। মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদেরকে শহীদী মর্যাদাদানের জন্য প্রার্থনা করা হয়। যারা সংক্রমিত হয়েছেন, তাদের জন্য চাওয়া হয় সুস্থতা।

এছাড়া যারা কোরবানি দিচ্ছেন, তাদের ত্যাগ যেন আল্লাহ কবুল করেন, ছিল সেই প্রার্থনাও। নিজের মনের আকুতিগুলো মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে পেশ করেন, চান সর্বোত সাহায্য।

এরআগে সকালে বৃষ্টি মাথায় নিয়েই এসব ঈদ জামাতে মুসল্লিরা হাজির হন। তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে নামাজ আদায় করেন, খুতবা শুনেন। জামাত শেষে সামর্থ্যবানরা এখন কোরবানি দিচ্ছেন।

মহামারি করোনাভাইরাস সংক্রমনের কারনে এবার সিলেটে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মহানগরীর সবচেয়ে বড় ঈদগাহ শাহী ঈদগাহে সিটি করপোরেশনের নিষেধাজ্ঞায় হয়নি জামাত। তবে সিলেটজুড়ে পাঁচ হাজারেরও বেশি মসজিদে হয়েছে জামাত। এসব জামাতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।

Share





Related News

Comments are Closed