Main Menu

মহাকাশ বিহার শেষে মর্ত্যে বেজোস

প্রযুক্তি ডেস্ক: মহাকাশের মিশন শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস ও তার তিন সঙ্গী। বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ জুলাই) ৭টা ১২ মিনিটে টেক্সাসের ভ্যান হর্নের নিকটবর্তী উৎক্ষেপণ স্থল থেকে প্রথমবারের মতো তার রকেটশিপ নিউ শেফার্ড মহাকাশে উড়াল দিয়েছে।

টেক্সাসের মরু থেকে আকাশের সাড়ে ৬৬ মাইল ওপর উড্ডীন হয়েছিলেন এই ধনকুবের। ব্যক্তিগত মালিকানাধীন মহাকাশ পর্যটনের নতুন যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার এই ভ্রমণকে। মহাকাশ ক্যাপসুল মাটিতে স্পর্শ করার পরই তিনি বলে ওঠেন, এ পর্যন্ত সবচেয়ে চমৎকার দিন।-খবর রয়টার্সের

এরপর মরু চত্বরে ধুলার বিপুল মেঘ তৈরি করে তার রকেট থেমে যায়। মহাকাশে উড্ডয়নের সময় তিনি কাউবয় টুপি ও নীল রঙের ফ্লাইট স্যুট পরেছিলেন। ১০ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল তার এই মহাকাশ বিহার।

দুই দশক আগে প্রতিষ্ঠিত হওয়া ব্লু অরিজিন কোম্পানির প্রথম মানব ফ্লাইট এটি। রকেটে এই ধনকুবেরের সঙ্গে ছিলেন, তার ভাই মার্ক শেফার্ড, ৮২ বছর বয়সী ওয়ালি ফাংক ও ১৮ বছরের কিশোর অলিভার ডায়েমেন। বিশাল জানালার একটি ক্যাপসুলে করে তারা মহাকাশ যাত্রা করেছেন।

বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ২০০০ সালে ব্লু অরিজিন কোম্পানি প্রতিষ্ঠা করেন। গত মাসে তিনি এবং তার ভাই মহাকাশ ভ্রমণের ঘোষণা দেন। সারা জীবন তিনি এমন কিছু চেয়েছিলেন বলে জানিয়েছেন।

ফোর্বস সাময়িকীর তথ্যানুসারে, ১৮ হাজার ৬২০ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে জেফ বেজোসের। এতে তিনি বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০ জুলাই, আমার ভাইকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে এ এক অসাধারণ রোমাঞ্চ হবে।

এর আগে গত সপ্তাহে ভার্জিন গ্যালাকটিক রকেটে সফলভাবে মহাকাশ ঘুরে এসেছেন ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। মানুষের চন্দ্র জয়ের ৫২তম বার্ষিকীতে জেফ বেজোস মহাকাশে যাচ্ছেন। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মহাকাশযানে চড়ে চন্দ্রাভিযানে অংশ নেন নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বাজ অলড্রিন। তখন বেজোস ছিলেন মাত্র পাঁচ বছরের এক শিশু।

Share





Related News

Comments are Closed