Main Menu

করোনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বর্ণ চক্রবর্তীর মৃত্যু

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি জানান, করোনা আক্রান্ত বর্ণ সাত দিন ধরে হাসপাতালটির লাইফ সাপোর্টে ছিলেন। লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। পরে রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান।

তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৩৫ বছর বয়সে বর্ণের মৃত্যু সংগীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না। ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকার আসিফ ইকবাল, রন্টি দাস, জুলফিকার রাসেলসহ আরও অনেকেই।

ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণের বেড়ে ওঠা। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। সর্বশেষ গত ৯ এপ্রিল মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। অ্যালবামের সব কটি গানের কথা, সুর ও সংগীতায়োজন বর্ণ চক্রবর্তীর নিজেরই।

 

Share





Related News

Comments are Closed