Main Menu

সিলেট জেলায় অর্ধশতাধিক পশুর হাটের অনুমতি

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের কারণে সিলেটে কুরবানীর পশুর হাট নিয়ে দ্বিধা থাকলেও এবার মিলেছে ৫২ টি পশুর হাটের অনুমোদন। নগরীর স্থায়ী পশুর হাট কাজীরবাজার ছাড়াও নগরীতে সিসিকের পক্ষ থেকে বসানো হবে আরও ৩ টি অস্থায়ী হাট। আর জেলার সকল উপজেলা মিলে আরও ৪৯ টি হাটের অনুমোদন করেছে সিলেট জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ।

সিসিকের এ তিনটি হাট হচ্ছে সিলেট নগরীর দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরের মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠে বসবে অস্থায়ী পশুর হাট।

অপরদিকে সিলেটের সকল উপজেলা পর্যায়ে ৪৯টি অস্থায়ী পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে যাতায়াত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে জেলাজুড়ে পশুর হাটের অনুমোদনে ক্ষুদ্র খামারি-চাষিদের মধ্যে স্বস্তি ফিরলেও ভয়ঙ্কর বিপদ দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা না হলে ঈদ পরবর্তীতে করোনার ভয়ানক রূপ দেখতে হবে বলে শংকা প্রকাশ করছেন।

তবে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ বলেন, এসব হাটে যাতে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেদিকে কড়াকড়ি নজরদারী থাকবে। তাছাড়া অপেক্ষাকৃত বড় জায়গায় এসব হাটের অনুমোদন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed