Main Menu

দক্ষিণ আফ্রিকায় সহিংসতার নিহত বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর পর ব্যাপক বিক্ষোভ, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার বলছে, অপরাধীরা পরিস্থিতিতে সুযোগ নিচ্ছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গ, গুতেংসহ ছোট বড় বেশ কয়েকটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জ্যাকব জুমার নিজের প্রদেশ কাওয়াজুলু নাতালের পরিস্থিতির আরও বেশি অবনতি হয়েছে। বিক্ষোভ, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটেছে। চলমান এই পরিস্থিতিকে ১৯৯০ সালের পর দেশের সবচেয়ে জঘন্য পরিস্থিতি বলে বর্ণনা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুলাই) দেশটির পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজধানীসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া সহিংসতায় গত পাঁচ দিনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, দাঙ্গার হোতা হিসেবে তারা ১২ জনকে চিহ্নিত করেছে। এ ছাড়া সহিংসতা ও লুটপাটের অভিযোগে ইতোমধ্যে এক হাজার ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত সোমবার (১২ জুলাই) দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গত কয়েক দিন ধরে দুই প্রদেশে চলমান সহিংসতার জেরে অচলাবস্থা নিরসনে সরকারের অনুরোধে দুই প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের তদন্ত শুরু হওয়ার পর জ্যাকব জুমাকে সহযোগিতার জন্য আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি। পরে দুর্নীতি ও আদালত অবমাননার দায়ে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের জন্য কারাগারে পাঠান দেশটির আদালত। গত ৭ জুলাই পুলিশে ধরা দেন জ্যাকব জুমা (৭৯)। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরই তার মুক্তির দাবিতে দেশব্যাপী চরম সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাট চালাচ্ছেন তার সমর্থকরা।

Share





Related News

Comments are Closed