Main Menu

জাপানে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে বহু এলাকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারি বৃষ্টিতে জাপানের দক্ষিণাঞ্চলে এক লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্রতীরবর্তী শহর আতামিতে ভয়াবহ ভূমিধসের রেশ কাটতে না কাটতেই এমন বিপর্যয়ের মুখোমুখি দেশটি।

বিবিসি-রয়টার্স জানায়, শনিবার দক্ষিণাঞ্চলে কিয়ুশু দ্বীপের তিনটি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় বহু এলাকা।

টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্রতীরবর্তী শহর আতামিতে ভূমিধসের রেশ কাটতে না কাটতেই জাপানের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। এদিন ঘণ্টায় ৯৬ দশমিক ৫ মিলিমিটার এবং মিয়াজাকি প্রদেশে ৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তীব্র বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

প্রাণহানির আশঙ্কায় এক লাখ ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে এসব এলাকার বাসিন্দাদের বাড়ির ছাদে অবস্থান করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়েছে। এরই মধ্যে কাগোশিমা প্রশাসনিক এলাকায় সড়কধসে ১০টি পরিবার আটকা পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

জানা গেছে জাপানের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে কোথাও কোথাও নদীভাঙন এবং পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে জাপানের আতামি শহরে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে নয়জন মারা যান। এখনো নিখোঁজ বেশ কয়েকজন।

Share





Related News

Comments are Closed