Main Menu

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দফতর সম্পাদকসহ তিনজন নিহত ও অন্তত দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মৌলভীবাজারের আকবরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাতগাঁওয়ের আব্দুল মুহিত সবুজ (৩৯) ও জুড়ী উপজেলার ফুলতলার কোনাগাঁওয়ের রফিক উদ্দিন (২৭)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীরা জানান, সকালে ফল ও সবজিবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আশঙ্কাজনক অবস্থায় চালকসহ তিনজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মৌললভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

হাসপাতালে উপস্থিত নিহত আব্দুল মুহিতের বন্ধু মইনুল হক বলেন, মুহিত গত রবিবার ঢাকা যান। যাত্রীবাহী গাড়ি না পেয়ে পণ্যবাহী ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি বিয়ানীবাজার যাচ্ছিলো। আমরা সকালে দুর্ঘটনার খবর পেয়েছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিলো। আহত ও নিহতরা সবাই ট্রাকে ছিলেন।

বিএনপি নেতা আব্দুল মুহিত সবুজ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলায় তার রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার এই মর্মান্তিক মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed