Main Menu

ব্যাংকে না এসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় বিপর্যস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়ায় গত বছর থেকেই স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও ঋণ পরিশোধে ছাড় দেয়া হয় গ্রাহকদের। বিপরীতে ঋণ আদায় ও লভ্যাংশ অব্যাহত না থাকায় থমকে পড়ে বাণিজ্যিক ব্যাংকগুলো। গ্রাহকদের পদচারণা কমে যাওয়ার পাশাপাশি নতুন গ্রাহকের সংখ্যাও কমছে প্রতিনিয়ত। এ অবস্থার মধ্যে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

এবার ব্যাংকে না এসেই নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা। এমনকি লেনদেনও করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ অর্থ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এমন ‘ইজি ব্যাংকিং’ সেবা চালু করেছে কয়েকটি ব্যাংক। নিরাপদ সেবা দেয়াই প্রধান লক্ষ্য বলে জানান ব্যাংকাররা। অর্থনীতিবিদরা বলছেন, নিরাপত্তা ঠিক রেখে আরও সহজ করতে হবে ব্যাংকিং সেবার সব মাধ্যম।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকে না এসেই অনলাইনে শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু করেছে কয়েকটি ব্যাংক। এর মাধ্যমে বছরে নির্দিষ্ট একটি পরিমাণ লেনদেন করা যাবে বলে জানান তারা।

সম্প্রতি অনলাইনে বিভিন্ন সেবা দিচ্ছে ব্যাংকগুলো। আর্থিক খাতকে চাঙা করে তুলতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অর্থনীতিবিদরা।

শহরের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের নাগরিকদের আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেনে স্থানীয় এনজিওগুলোকে আরও সহযোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

Share





Related News

Comments are Closed