সুনামগঞ্জে রেললাইন স্থাপনে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি সুনামগঞ্জ জেলা সদরে রেললাইন স্থাপনের প্রস্তাবের সঙ্গে একমত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১০ জুন) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে প্রেরিত ডিও লেটারে রেলপথ বাস্তবায়নে সুনামগঞ্জের পাঁচ সংসদ সদস্যের সাথে একমত পোষণ করেন তিনি।
রেলমন্ত্রীর কাছে প্রেরিত পত্রে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ স্থাপনের বিষয়ে সুনামগঞ্জের পাঁচ সংসদ সদস্যের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের প্রত্যেক জেলায় রেলপথ স্থাপনের কাজ ইতোমধ্যেই শুরু করেছে। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমে ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ স্থাপনের ঘোষণা দেন তিনি। পরবর্তীতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন।
জানা গেছে, ১৯৫৪ সালে সিলেট থেকে রেললাইন স্থাপিত হয় জেলার শিল্পনগরী খ্যাত ছাতকের সঙ্গে। এরপর থেকে হাওরের এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো ছাতক থেকে সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ যোগাযোগ স্থাপনের। স্বাধীনতার পর এ দাবিটি জোরালো হয় কিন্তু কোনো সরকারই এতে কর্ণপাত করেনি। অবশেষে ২০১১ সালে এ জেলা থেকে নির্বাচিত সাংসদ প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্ত রেলমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব নিলে এ দাবিটি প্রাণ ফিরে পায়। ২০১২ সালে ছাতক শহরে তাকে দেয়া এক গণ সংবর্ধনায় লাখো মানুষের উপস্থিততে তিনি ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের ঘোষণা দেন।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দীর্ঘ সমীক্ষা শেষে ছাতক- সুনামগঞ্জ- মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপনের অ্যালাইনমেন্ট তৈরি করেন। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রীসহ সুনামগঞ্জের সকল এমপিরা এর পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখেন।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী ভোল পাল্টে গোবিন্দগঞ্জ থেকে তার নিজ এলাকা শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণের পক্ষে কথা বলেন। এবং এর প্রেক্ষিতে চলে পুনরায় সমীক্ষা। এতে জেলাব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত সোমবার সুনামগঞ্জের পাঁচজন সংসদ যথাক্রমে মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা ও শামিমা শাহরিয়ার খানম রেলপথমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছেন।
এমপিরা বলছেন, আগের অ্যালাইনমেন্ট অনুযায়ী কাজ না হলে ছাতক থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেললাইন টানার যে সুলভ ও সহজ পথটি রয়েছে, সেটি রুদ্ধ হয়ে যাবে। ছাতক থেকে মাত্র ২২ কিলোমিটার লাইন টানলেই রেলের সঙ্গে সহজে যুক্ত হবে সুনামগঞ্জ জেলা সদর। এর বিপরীতে ঘোরানো-পেঁচানো ৫০ কিলোমিটার হাওরের দুর্গম এলাকা দিয়ে নির্মাণ করতে হবে রেললাইন। ফলে নির্মাণ ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। এতে প্রকল্পটি বাস্তবায়ন নাও হতে পারে। সরকারের কোটি কোটি টাকা বাড়তি ব্যায়ে এটি বাস্তবায়িত হলেও কতটুকু জনবান্ধব হবে তা নিয়ে সংশয় রয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed