ছয় লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে ২০২১-২২ অর্থবছরের বিশাল আকার বাজেট আসছে আজ। প্রস্তাবিত সম্ভাব্য বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের চেয়ে যা ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থাকতে পারে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তেমন মাতামাতি থাকছে না। লক্ষ্যমাত্রা ঘুরেফিরে ৭ শতাংশের ঘরেই রাখা হচ্ছে। মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা চলবে ৫-এর ঘরে।
সূত্র মতে, ৫ শতাংশ ঘাটতি রেখেই প্রস্তুত বাজেট তৈরির কাজ। এবার বাজেট বক্তব্যের প্রতিপাদ্য হতে পারে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ।’ গতবারের বাজেটের প্রতিপাদ্য ছিল ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমায়।’
আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। এবারের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫০তম এবং বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। আর আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট।
এবারের বাজেটে কর আদায় বাড়াতে সক্ষম ব্যক্তিদের কর নেটের আওতায় নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থনীতি সচল রাখতে এবারও করছাড় দিয়ে ব্যবসাবান্ধব বাজেট ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ বাজেটে সরকারের রয়েছে নানা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাজেটে নানা পদক্ষেপও নেওয়া হয়েছে।
বাজেট নিয়ে অর্থনীতিবিদরা মনে করেন; প্রতি বছর যে বাজেট দেওয়া হয়, তাতে দেখা গেছে প্রতিশ্রুতি প্রাপ্তির মধ্যে থাকে বিরাট ফারাক। এ ফারাক থেকে বের হয়ে আসতে বললেন তারা।
অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের ইতিহাসে ২০২১-২২ অর্থবছরে আজ আসছে সবচেয়ে বড় ঘাটতির বাজেট। এবারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা, যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান ছাড়া বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা (জিডিপির ৬ দশমিক ২ শতাংশ)। চলতি ২০২০-২১ অর্থবছরে তা ছিল ৬ শতাংশ। তবে আগের ১০ বছর ধরে বাজেট ঘাটতি রাখা হচ্ছিল ৫ শতাংশের নিচে। ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি জিডিপির ৬ শতাংশ বা ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। ঘাটতি অর্থায়নের প্রায় ১ লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করার টার্গেট করা হচ্ছে। ৮০ হাজার থেকে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক ঋণ পাওয়ার আশা করছে সরকার, যা ঘাটতি অর্থায়নে সহায়ক হতে পারে। সঞ্চয়পত্র বিক্রি করে আয় করার লক্ষ্য ঠিক করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed