Main Menu

হবিগঞ্জে বিয়ের আলোচনা নিয়ে যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শৈলজুড়ায় বিয়ের আলোচনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজিব মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কাদির আহমেদ উজ্জলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত সজিব সম্প্রতি সদর উপজেলার শৈলজুরা গ্রামের মানিক মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বেড়ানোর এক পর্যায়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিয়েতে রাজি হয়নি তার বড় মেয়ের জামাতা লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমেদ উজ্জল।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ‌্যায় বিয়ের আলোচনায় সজিবের সাথে উজ্জলের কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উজ্জল সজিবকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত উজ্জলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Share





Related News

Comments are Closed