Main Menu

মৌলভীবাজারে শরীর জোড়া লাগা ২ কন্যা শিশুর জন্ম

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি প্রাইভেট হাসপাতালে শরীর জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। দু’জনের পেট একত্রে জোড়া লাগানো। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা। তারা দু’জনই মেয়ে সন্তান। জন্মের পর থেকে শিশু দুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

হাসপাতাল থেকে জানা যায়, মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা ও এনেসথেসিষ্ট ডা. বিএসএম এরশাদের তত্বাবধানে বুধবার (৫ মে) রাতে সিজারের মাধ্যমে বাচ্চা দু’টির জন্ম হয়। তারা ভালো আছে।

জেলার কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির পরিবারের নতুন সদস্য পেট জোড়া লাগা এ দুই কন্যাশিশু। জুয়েল আহমদ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে তার ছোট ব্যবসা প্রতিষ্টান রয়েছে। জুয়েল আহমদ দম্পতির পরিবারে এক বোন ও ৫ বছরের আরেকটি মেয়ে সন্তান রয়েছে।

নবজাতকদের পিতা জুয়েল আহমদ বলেন, স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন ঢাকায় উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটি আলাদা করা সম্ভব। তবে বড় অংকের টাকা ব্যয় হবে। নিজের স্বল্প আয় দিয়ে এ ব্যয় বহন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। নবজাতকদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তশালীদের সহযোগিতা চান তিনি।

প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আলম বলেন, আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হৃৎপিণ্ড এবং পাকস্থলী আলাদা কি না। এগুলো আলাদা হলে অস্ত্রোপচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব ঢাকায় জাতীয় শিশু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন তিনি।

 

Share





Related News

Comments are Closed