Main Menu

পল্লবীতে স্বামীর হাতে খুন হলেন আ.লীগ নেত্রী উমামা

বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য উমামা বেগম (৪৫)।

শনিবার (২৪ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ওমর আলীকে (৫২) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ডিউটি অফিসার আকলিমা খাতুন।

দুটি সন্তান নিয়ে ২০/২১ বছরের সংসার উমামা বেগম কনকের। তবে বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। আর এর জের ধরেই শুক্রবার (২৩ এপ্রিল) রাত বারোটার দিকে স্বামীর হাতে মারাত্মকভাবে জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভেঙে পড়েছেন স্বজনরা। সুষ্ঠু বিচার দাবি করেন তারা। স্বজনরা বলেন, এরকম একটা ঘটনা ঘটবে আমরা কখনও কল্পনাও করিনি। আমাদের এলাকায় কখনো এরকম ঘটনা আগে ঘটেনি। আমরা চাই এ ঘটনার সুষ্টু বিচার হোক।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ওমর ফারুক কয়েক বছর আগে জাপান থেকে ফিরে আসেন। পরে ডিওএইচএসের ওই ফ্ল্যাটটি স্ত্রীসহ তার নিজের নামে মালিকানায় ক্রয় করেন। এর মধ্যে স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অন্য আত্মীয়-স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে। কিন্তু ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে টাকা আর ফেরত দেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা উমামাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed