Main Menu

দেশে করোনায় আরো ৯১ মৃত্যু, আক্রান্ত ৪৫৫৯

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮৬ জনে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে আরও চার হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬টি। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি।

মারা যাওয়া ৯১ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৬০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৫৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের একজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

Share





Related News

Comments are Closed