Main Menu

সিলেটে কোয়ারেন্টিন ভঙ্গ করায় দু্ই প্রবাসীকে কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্য ফেরত ২ প্রবাসিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে জরিমানা আদায়ের পর তাদের দুজনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মো. আব্দুন নূর (৪২) (পাসপোর্ট নং- GBR123687684) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৬) (পাসপোর্ট নং- GBR511705866)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ২২ মার্চ তারা লন্ডন হতে আগত ১৪০ জন যাত্রীর মধ্যে এই দুজনও দেশে আসেন।

এরপর থেকে তারা দুজন সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক এর ৭০৩ ও ৭০৪ নং কক্ষে অবস্থান করছিলেন। কোয়ারেন্টিনে থাকাবস্থায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু রিপোর্ট আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। তবে উভয় প্রবাসীই অর্থদন্ড পরিশোধ করেন। ভ্রাম্যমান আদালতের রায় অনুযায়ী ৭ দিনের সাজাভোগের জন্য মঙ্গলবার রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়া থেকে একই পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ তাদের গ্রামের বাড়ি চলে যান। পরে তাদেরকে ফোনে ডেকে এনে ওই পরিবারের প্রাপ্ত বয়স্ক ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed