Main Menu

সিলেটে আরো ২২ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আবারো বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। এদিন বাসা বা হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন আরও ১৯ জন রোগী। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪ জন সুনামগঞ্জে, একজন হবিগঞ্জ ও একজন মৌলভীবাজারের। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়।

একইদিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ জন রোগী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। তাদের সকলেই সিলেট জেলায় বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৬২০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৩জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৬ জন।

 

Share





Related News

Comments are Closed