Main Menu

বিশ্বনাথে পিকআপ চাপায় শিশু নিহত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পিকআপ চাপায় আকিকুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের আল-আমিন ব্রিকফিল্ডের পাশে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকিক ওই ব্রিকফিল্ডের শ্রমিক ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের ওসমান গণীর ছেলে। তারা ব্রিকফিল্ডের পাশে নদীর তীরে একটি অস্থায়ী কলোনীতে বসবাস করে আসছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে শিশু আকিকুর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার এলাকার আল-আমিন ব্রিকফিল্ড সংলগ্ন মুদি দোকান থেকে চিপস কিনে সড়কের ওপাশে যাচ্ছিল। এসময় জগন্নাথপুরগামী একটি পিকআপ (নং মৌলভীবাজার ন-১১-০১১৩) তাকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে আকিক মারা যায়।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্মা দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ সিলেট ওসমানী হাসপাতালে আছে এবং পিকআপ স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির জিম্মায় রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed