Main Menu

দেশের ৩১ পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারী, বাছাই ৪ ফেব্রুয়ারী, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, এ ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

পঞ্চম ধাপের ৩১টি পৌরসভা হচ্ছে- হবিগঞ্জ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়ার বগুড়া, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, যশোরের কেশবপুর ও যশোর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট, ময়মনসিংহের নান্দাইল, ভোলা এবং গাজীপুরের কালীগঞ্জ।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়।

তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারী এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

Share





Related News

Comments are Closed