রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলে পড়তো। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে পুলিশ মুল অভিযুক্ত দিহানসহ চারজনকে আটক করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।
বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে দিহানসহ চার বন্ধু আনুশকাহকে ধানমন্ডির মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকালে হাসপাতালে আনুশকাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বুকফাটা আর্তনাদে মায়ের মুখে বিচারের দাবি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা। বারবার ডুকরে কেঁদে উঠছেন প্রিয় সন্তানের জন্য। ধর্ষণের শিকার ওই ছাত্রী রাজধানীর ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যায় অভিযুক্ত কলেজ ছাত্র দিহান। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এর মধ্যে নির্যাতিতার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায় সে। হাসপাতালে আসার আগেই মেয়ের মৃত্যুর খবর পান মা। এমন ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তার।
নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে নির্মম ভাবে মারা হয়েছে। ওর রক্তক্ষরণ হয়েছে। ওর হাতে দাগ আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কেন আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে মারা হলো।
পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতাল থেকেই আটক করা হয় ধর্ষককে। পরে একই স্থান থেকে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার পরিবারের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে রাজধানীর ম্যাপেল লিফ স্কুলের ‘এ’ লেভেল পড়ুয়া এ শিক্ষার্থী।
নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে। ওই ছেলে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। ওর আচরণ ভাল না।
প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ময়না তদন্তের পরেই বোঝা যাবে প্রকৃত ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার হওয়ার পর আনুশকাহ শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যায় ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed