Main Menu

রোমানিয়ায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন।

শনিবার (১৪ নভেম্বর) রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে। হাসপাতালের অন্য অংশ থেকে বাকি রোগীদের বের করে আনার চেষ্টা চলছে।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ রয়েছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার কর্তৃক আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

 

Share





Related News

Comments are Closed