Main Menu

সিলেটে যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন অতিরবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাসটির চাকা ফেটে সড়কে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি শেরপুর থেকে যাত্রী নিয়ে সিলেট আসছিল।

নিহতরা হলেন, বালাগঞ্জ থানার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্ম্মি বেগম (১৩) ও পূর্ব চাঁদপুরের মৃত আজম উল্লাহর ছেলে আলী আছগর (৩০)।

স্থানীয়রা জানান, মৌলভীবাজারের শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে গেলে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের ভেতর থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন নিশ্চিত করেছেন।

বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। এ রিপোর্ট লেখার সময় মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ বছরের এক মেয়ে ও ৪৫ বছরের এক ব্যক্তি রয়েছেন। এছাড়া ৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed