Main Menu

পঞ্চগড়ে এক শিশুর রহস্যজনক মৃত্যু

মো.সফিকুল আলম দোলন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে জাহিদ (৯) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড় বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশু জাহিদ ওই এলাকার আল-আমিনের ছেলে ও হাড়িভাসার নাককাটি নূরানি মাদ্রাসার ছাত্র।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বেশ কিছু গাছ আছে। সেগুলো যেন ঝড়ে পড়ে না যায় তাই বাড়ির লোকেরা লাইলন সুতা টানা দিয়ে বেঁধে রাখে। বুধবার সন্ধ্যায় শিশু জাহিদকে বাড়ির পাশে চিৎকার করতে দেখে তার দাদা ঘটনাস্থলে গিয়ে তাকে সুতার মধ্যে গলায় প্যাঁচ লাগা অবস্থায় ঝুলতে দেখে। পরে দ্রুত সেখান থেকে শিশুটিকে নামালেই শিশুটি মারা যায় বলে জানা যায়। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক পঞ্চগড় সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

 

Share





Related News

Comments are Closed