Main Menu

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনায় এবং স্বাস্থ্য বিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্য বিধি রক্ষায় অনেক মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। নিজের এবং মুসল্লিদের সুবিধার জন্য প্রত্যেকে মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি নিয়ে নির্দেশনা মোতাবেক মসজিদে ঈদ জামাতে অংশ নিতে মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানের পরিবর্তে সকাল ৮টায় হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাজিরবাজার মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে এবারের ঈদুল আজহার ৩টি জামাত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে। জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মদিনা মার্কেট জামে মসজিদে (আল মদিনা জামে মসজিদ) ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেট মহানগরীর সবগুলো পাড়া-মহল্লার জামে মসজিদে ঈদুল আজহার জামাত নিজেদের সুবিধা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন বলেন, ‘খোলা মাঠে যেহেতু ঈদের জামাত হচ্ছে না, তাই আমরা ধরে নিচ্ছি অধিকাংশ জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহ মাঠে করোনার কারণে ঈদের নামাজ আয়োজন সম্ভব নয়, তাই হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের জামাতকেই ঈদের প্রধান জামাত হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মসজিদকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নামাজ আদায়কারীদেরও এসব নির্দেশনা মেনে চলতে হবে।’

তিনি জানান, ‘পুরো সিলেট জেলায় ৭ হাজার ১৩৩টি মসজিদ আছে। এর মধ্যে পাঞ্জেগানা মসজিদ ৮০০টির মতো। এগুলোতে ঈদ জামাত হয় না।’

Share





Related News

Comments are Closed