Main Menu

সিলেটে গোপনাঙ্গ কাটা স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় গোপনাঙ্গ কাটা অবস্থায় নিজাম আহমদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলায় গফফার মিয়ার বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিজামের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

জানা যায়, নিজাম আহমদ দুই সন্তানসহ স্ত্রী নিয়ে মোমিনখলার ভাড়া বাসায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় নিজামকে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়। মৃতদেহের মাথায় গভীর ক্ষত, হাতে আঘাতের চিহ্ন ও গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করা অবস্থায় পাওয়া যায়। পরকীয়ার জেরে এ খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর নিজামের স্ত্রী দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন।তার স্ত্রী জেনি বেগমের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া মাঝপাড়া গ্রামে। স্ত্রীকে আটক করতে ফেঞ্চুগঞ্জে পুলিশ পাঠানো হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের ভাই আসলাম আহমদ অভিযোগ করেছেন, ৬ লাখ টাকার জন্য তার ভাই নিজাম আহমদকে খুন করেছেন জেনি বেগম।

তিনি বলেন, ‘আমরা দুই ভাই জায়গা কেনার জন্য ৬ লাখ টাকা জমা করেছিলাম। কিন্তু পছন্দমতো জায়গা পাচ্ছিলাম না। জেনি বেগম ওই টাকা তার বাবার বাড়িতে দরকারের কথা বলে নেন। জমি পাওয়া গেলে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন তিনি। এখন আমরা জমি পাওয়ায় ভাই নিজাম আহমদ টাকার কথা বলেন জেনিকে। কিন্তু তিনি বাবার বাড়ি থেকে টাকা এনে দিচ্ছিলেন না। টাকা চাওয়াতেই এ খুনের ঘটনা ঘটানো হয়েছে।’ তিনি দ্রুত জেনি বেগমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে, নিজাম আহমদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে দক্ষিণ সুরমা থানা সূত্র জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তার মাথায় গভির ক্ষত ও লিঙ্গ কাটা পাওয়া গেছে। খুনিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed