Main Menu

সিলেটের দুই ল্যাবে ১১১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে একদিনে আরও ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। তারা সিলেটের চার জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৫৬ জন, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ৪ জন করে এবং মৌলভীবাজারের ৯ জন। এদের মধ্যে ৭ চিকিৎসকও রয়েছেন।

এদিকে, সিলেট জেলার ৫৬ জনের মধ্যে ৩৫ জন মহানগরী ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একজন করে, গোলাপগঞ্জের ৫, বিশ্বনাথের ৪, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের ৩ জন করে এবং জকিগঞ্জের ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ১৬৩টি নমুনা গ্রহণ করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জ জেলার ১৬ জন রয়েছেন।

সব মিলিয়ে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার একজনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৭০০ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১৩৪৯ জন, মৌলভীবাজারে ৮৭৯ জন ও হবিগঞ্জ জেলায় ১০৭৩ জন রোগী আছেন।

এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১২১ জন। এরমধ্যে সিলেটে জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন মারা গেছেন।

এছাড়া সিলেট বিভাগের চার জেলায় এ পর্যন্ত ২৮০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলার ৯১০ জন, সুনামগঞ্জে ৯৮১ জন, হবিগঞ্জে ৪৮১ জন এবং মৌলভীবাজার জেলার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।

Share





Related News

Comments are Closed