Main Menu

সিলেটের দুই ল্যাবে ১২১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ শুক্রবার আরও ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৮৮ জন ও শাবির ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জন শিশু ও চারজন চিকিৎসক রয়েছেন।

জানা গেছে, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮৮ জন। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার ৬১ জন রয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজারের ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা শনাক্ত হয়।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মাঝে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন বাসিন্দা রয়েছেন।

সব মিলিয়ে শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৫৩৫ জনে।

চার জেলার আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৪১৪ জন, সুনামগঞ্জে ১,২৬০, হবিগঞ্জে ১০৩৬ ও মৌলভীবাজার জেলায় ৮২৫ জন।

চার জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৮ জন করে মারা গেছেন।

চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫২ জন, সুনামগঞ্জে ৯১৮ জন, হবিগঞ্জে ৪৬৬ জন, মৌলভীবাজারে ৪০৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৩ জন। এর মধ্যে সিলেটে ৯০ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

Share





Related News

Comments are Closed