Main Menu

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২, ইয়াবা উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলো- মোহাম্মদ আলম (২৬) ও মো. ইয়াসিন (২৪)।

রবিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের হোয়াবাং এলাকায় নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ওই দুই যুবক মাদক পাচারকারী। এ সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন।

নিহত মোহাম্মদ আলম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ শফির ছেলে ও মোহাম্মদ ইয়াসিন বালুখালী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ এরশাদ আলীর ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হোয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। এ সময় ২-৩ জন পাচারকারী নাফ নদী সাঁতরিয়ে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা পালাতে থাকে। বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা বিজিবির ওপর গুলিবর্ষণ করে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়।

বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। ৪-৫ মিনিট গুলিবিনিময়ের পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এক পাচারকারী পালিয়ে যায়।

ঘটনাস্থল হতে ৫০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed