Main Menu

সিলেট বিভাগে করোনাক্রান্ত বেড়ে ৪২৯৩, মৃত্যু ৭৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ১৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৮২ জন। একই সময়ে বিভাগে ৩ জনের মৃত্যু ঘটে।

সোমবার (২৯ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে রোববার শনাক্ত হওয়া ১৪০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৯৮ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ৫ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে সিলেটের দুইজন ও সুনামগঞ্জের একজন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২১ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ১৩ জন। তবে হবিগঞ্জে এদিন কোনও রোগী সুস্থ হননি।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২৩৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৯৭২ জন, হবিগঞ্জে ৫৫৪ জন ও মৌলভীবাজারে ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩১০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ১৬৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৭৩ জন। এরমধ্যে সিলেটে ৫৭, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে ছয়জন এবং হবিগঞ্জে ছয়জন।

Share





Related News

Comments are Closed