Main Menu

ছাতকে নিন্মাঞ্চল প্লাবিত, সড়কে পানি

ছাতক প্রতিনিধি: বন্যায় ছাতকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা দু’দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা, চেলা, পিয়াইনসহ উপজেলার সকল নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি হাওর ও খাল-বিলে থৈ থৈ করছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে ছাতকে প্রবল বন্যার আশংকা করা হচ্ছে।

সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে পৌরসভা সহ উপজেলার ইসলামপুর, কালারুকা, নোয়ারাই, উত্তর খুরমা, চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক গ্রামীন সড়ক। বটেরখাল, কাকুরা নদীর পানিতে ভাতগাও, দোলারবাজার, জাউয়া, দক্ষিণ খুরমা, সিংচাপইড়, ছৈলা আফজালাবাদ ও গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজার প্লাবিত হয়ে পড়েছে। গ্রামীন অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ছাতক-সিলেট সড়কের একটি অংশ।

এদিকে বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান ও ক্ষেতের ফসল।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ১৬৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম জানিয়েছেন ইউনিয়নের সবক’টি গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ জানিয়েছেন ইউনিয়নের বড় বিহাই, গদারমহল, চলিতারবাগ, এলঙ্গি, রসুলপুর, রাজারগাও গ্রামের মানুষ পানিবন্দী আছেন।

এদিকে শনিবার দুপুরে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সৈদেরগাও গ্রামের আবাছ আলী, মক্তুজ আলী, সেবুল মিয়া, সাধু মিয়া, মনির উদ্দিনের বসতঘর ধসে পড়েছে। ভেঙ্গে পড়েছে মসজিদের মিনার, মাইক ও হুজরা খানা। এসময় সৈদেরগাও গ্রামের মক্তুজ আলী, সাবিয়া বেগম ও ইব্রাহিম নামের এক শিশু আহত হয়েছে। বড় আকারের কয়েকটি গাছ উপড়ে রাস্তায় পড়ে গেলে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দুই ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে এখানে সড়ক যোগাযোগ সচল করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি), তাপস শীল, ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকালে মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ঘূর্নিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন।

গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান জানান ঘূর্নিঝড়ে সৈদেরগাও সহ এলাকার ৪০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, উপজেলা পরিষদ চত্বর, পৌরসভার বিভিন্ন এলাকা, মহল্লা এবং উপজেলার বিভিন্ন হাটবাজার ও প্রেসক্লাব রোডে, দোকান পাটসহ রাস্তাঘাটে বন্যার পানি ঢুকে পড়েছে। নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখানে প্রবল বন্যার আশংকা করা হচ্ছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।

Share





Related News

Comments are Closed