সিলেটে খাতা পুনঃমূল্যায়ন চায় ২৩,৭৯০ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে উত্তরপত্র পুনঃমূল্যায়ন চেয়েছে ২৩ হাজার ৭৯০ শিক্ষার্থী। এবার ইংরেজি, গণিত, বিজ্ঞান, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, বাংলায় উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন বেশি রয়েছে।
জানা যায়, এ বছর এসএসসি-সমমান পরীক্ষার ফলে রেকর্ডসংখ্যক পুনঃনিরীক্ষণ আবেদন আসে। ফলে সন্তুষ্ট নয় সারাদেশে দুই লাখ ৩৪ হাজার ৪৭১ শিক্ষার্থী। এ কারণে বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে মোট চার লাখ ৮১ হাজার ২২২টি বিষয়ের ফলে আপত্তি তুলে আবেদন করে। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৬৫ হাজার ৬৫৮ জন।
গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গত বছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, যা গত বছর পেয়েছিল এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। পরীক্ষার ফলে আপত্তি থাকা শিক্ষার্থীদের জন্য গত ১ জুন শুরু হয় পুনঃনিরীক্ষণ আবেদন কার্যক্রম, যা ৭ জুন শেষ হয়।
বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার ১১ শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৩৮ হাজার ৪৭১ পরীক্ষার্থী তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মোট ৪ লাখ ৮১ হাজার ২২২টি বিষয়ে ফল পরিবর্তনের প্রত্যাশায় আপত্তি জানিয়ে আবেদন করে। এর মধ্যে ঢাকা বোর্ডে এক লাখ ৪৬ হাজার ২৬০, বরিশালে ২৩ হাজার ৮৫০, চট্টগ্রামে ৫২ হাজার ২৪৬, দিনাজপুরে ৪০ হাজার ৭৫, রাজশাহীতে ৪৪ হাজার ৬১, সিলেটে ২৩ হাজার ৭৯০, কুমিল্লা বোর্ডে ৩৯ হাজার ৩০৩, ময়মনসিংহে ৩১ হাজার ৩৩১, মাদরাসা বোর্ডে ২৮ হাজার ৪৮৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৫৩৮টি বিষয়ে খাতা পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যার মধ্যে ঢাকা বোর্ডে আবেদনের সংখ্যা সব চাইতে বেশি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আড়াই শতাংশের মতো আবেদন করেছে। অনেকে ভাবে একটা আবেদন করে দেখি কিছু বাড়ে কি না? অনেকে আবার সিরিয়াসলিই ফল পরিবর্তনের আত্মবিশ্বাস থেকে আবেদন করে। আগামী ৩০ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed