Main Menu

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত কামরান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হযরত মানিকপীর (র.) গোরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট সিটি র্কপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

সোমবার (১৫ জুন)  দুপুর আড়াইটায় ২য় জানাযা শেষে তাকে দাফন করা হয় বলে জানান সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

সোমবার বেলা ২টা ১০ মিনিটে নগরের হজরত মানিকপীর টিলা গোরস্থান প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যাক লোক জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবেক এই মেয়রের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এরআগে সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম জানাযা সোমবার জুহরের জামাতের পরপরই নগরের ছড়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল। তার প্রথম জানাযায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এলাকাবাসীসহ নেতাকর্মীরা শরিক হন। জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকপীর (রহ.) গোরস্থানে।

এর আগে সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ ছড়ারপাড়স্থ তাঁর নিজ বাসভবনের সামনে পৌঁছায়। যখন কামরানকে বহনকারী লাশবাহি গাড়িটি তাঁর বাসভবনে প্রবেশ করে তখন কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। এসময় করোনার ভয় উপেক্ষা করেও তাঁর বাসার সামনে জড়ো হন অসংখ্য নেতাকর্মীরা। কামরানের মরদেহ আসার সাথে সাথে এলাকাজুড়ে কান্নার রুল শুরু হয়।

এর আগে আজ সোমবার ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলো।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

Share





Related News

Comments are Closed