Main Menu

কেন্দুয়ায় ৩৬ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ৩৬ বস্তা সরকারি চালবোঝাই একটি লরি জব্দ করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে চালসহ লরি চালক সাগর মিয়াকে (২২) আটক করা হয়। তিনি উপজেলা সদরের সাউদপাড়া এলাকার বাসিন্দা।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, সরকারি বস্তার চাল প্লাস্টিকের বস্তায় ভরে লরিতে করে পাচার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় লরিটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২৬টি প্লাস্টিকের বস্তায় চাল আর একটি বস্তার ভেতরে সরকারি খালি বস্তাগুলো পাওয়া যায়। এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, আটক লরিচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বলা যাবে সরকারি এই চাল কোন প্রকল্পের এবং কে বা কারা এর সঙ্গে জড়িত।

Share





Related News

Comments are Closed