Main Menu

সিলেটে আরও ১৯ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা কম। তবে কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বাসিন্দাই বেশি।

এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ারেঅ ৩২৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন ও মারা গেছেন ১০ জন।

এদিকে সোমবার রাত পর্যন্ত সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬ জন করোনা রোগী চিকিৎসাধীন। আরও ২৬ জন আছেন করোনা সন্দেহজনক। করোনা সংশ্লিষ্ট এই মোট ৬২ জন রোগী এ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শামসুদ্দিন হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি রোগিদের মধ্যে ৩৬ জন করোনা রোগী, আর বাকি ২৬ জনের মধ্যে এ ভাইরাসের সকল উপসর্গ বিদ্যমান।

তিনি বলেন, এর মধ্যে আবার ৫ জনের অবস্থা গুরুতরভাবে খারাপ। এই ৫ জনের প্রায় সবারই ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা প্রকট। সে অনুযায়ী তাদের ভেন্টিলেশন, অক্সিডেজন ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, আশঙ্কাজনক ৫ জন ছাড়া আর বাকিদের অবস্থা উন্নতির দিকে। নির্ধারিত সময় তাদের অবজারভেশনে রেখে এবং চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

Share





Related News

Comments are Closed