Main Menu

বিয়ানীবাজারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে সিলেটের বিয়ানীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারো গাছ উপড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পল্লীবিদ্যুৎ লাইনেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে হঠাৎ করে বিয়ানীবাজার উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রচণ্ড গতিবেগের এই ঝড় ২০ মিনিট স্থায়ী হয়। পৌরসভার কসবা গ্রামের শত বছরের পুরাতন গাছ পড়ে গেছে ঝড়ের তাণ্ডবে। উপজেলার কুড়ার বাজারে বেশ কয়েকটি দোকানের টিন উড়িয়ে নিয়ে যায়।

অপরদিকে, ঝড়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে অধর্শতাধিক আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। প্রধান সড়কসহ সব অভ্যন্তরীন ও গ্রামীণ সড়কে গাছ ও বাঁশ ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটায়। এছাড়া উপজেলার শতাধিক স্থানে পল্লীবিদ্যুতের সঞ্চালন ও সরবরাহ লাইনের খুঁটি ভেঙে পড়েছে এবং লাইন ছিঁড়ে গেছে। এর ফলে পুরো উপজেলা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পল্লীবিদ্যুৎ ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, ঝড়ে লণ্ডভণ্ড অবস্থা। প্রধান সঞ্চালন লাইনসহ সব পর্যায়ের সরবরাহ লাইন ছিড়ে গেছে। অনেক জায়গায় খুঁটি ভেঙে পড়েছে। সব এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাচ্ছি। আমাদের প্রকৌশলী থেকে সব পর্যায়ের দায়িত্বশীলরা সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কমকর্তা মৌসুমী মাহবুব বলেন, এখন ঝড়ের সময়। উপজেলাজুড়ে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। সব খবর আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বোঝা যাবে।

Share





Related News

Comments are Closed