Main Menu

সিলেটে করোনা ঝুঁকিতেও খুলেছে হাসান মার্কেট!

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ রোধে ঈদের আগে সিলেট নগরের সব শপিং মল ও বিপনী বিতান না খুললেও মঙ্গলবার সকালে খুলেছে হাসান মার্কেট ও জিন্দাবাজারের কিছু জুতার দোকান।

মধ্যবিত্তের মার্কেট বলে খ্যাত হাসান মার্কেটের বেশির ভাগ দোকান খোলা হয়েছে। আর তাতে ভিড় করেন ক্রেতারাও। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি; ফলে করোনা সংক্রমণ ঝুঁকি থাকছেই।

যদিও ব্যবসায়ীরা বলছেন, টানা বন্ধের কারণে তারা খুবই কষ্টে আছেন। এজন্য পেটের তাগিদেই দোকান খুলতে বাধ্য হয়েছেন। তবে তারা ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করে যাচ্ছেন। একই সাথে মার্কেটে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে বলেও জানান তারা।

মঙ্গলবার দুপুরের দিকে হাসান মার্কেটের একটি দোকানের কর্মী রায়হান উল্যা জানান, মঙ্গলবার থেকে মালিকের পক্ষ থেকে তাকে দোকান খোলা রাখতে বলা হয়। এ অনুযায়ী সকালে তিনি দোকান খুলেন।

এ বিষয়ে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলী বলেন, ‘কিছু দোকান খুলে ফেলেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে তারা বৈঠকে বসবেন। বৈঠকে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

এদিকে নগরীর বন্দরবাজার এলাকার লালদিঘীরপারের হকার্স মার্কেটের বেশকিছু দোকানও খোলার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ৮ মে শুক্রবার নগরভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সিলেটের ব্যবসায়ী নেতা ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা বৈঠকে বসে ঈদের আগে দোকান না খোলার সিদ্ধান্ত নেন। তবে ওই বৈঠকে হাসান মার্কেটের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

তবে পরদিন শনিবার মার্কেট ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠকে মার্কেট বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছিল। তবে মঙ্গলবার সকালে মার্কেটের বেশিরভাগ ব্যসায়ী দোকান খুলতে শুরু করেন।

এদিকে, মঙ্গলবার সিলেট নগরীর হাসান মার্কেট ও জিন্দাবাজারের কিছু জুতার মার্কেট খোলা রাখায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, সরকার ১০ মে থেকে দোকানপাট সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে খোলার পরামর্শ দেয়। এর তিনদিন পর মঙ্গলবার থেকে সিলেটে খোলা হল কিছু দোকানপাট।

Share





Related News

Comments are Closed