Main Menu

সেই নারীকে ফের বাড়িতে পাঠিয়ে দিল হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হওয়া সেই প্রসূতি নারীকে ফের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টার থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, ওই নারীকে দুপুরে হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাড়ি পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। তার মধ্যে শারীরিক কোন সমস্যা দেখা যায়নি।

তবে তাকে বাড়ি পাঠিয়ে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখা হবে বলেও জানান এ চিকিৎসক।

এর আগে শুক্রবার সকালে ওই নারীকে সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকার নিজ বাড়ি থেকে বিমানবন্দর থানায় নিয়ে আসে পুলিশ। পরে সেখান থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

এরআগে বৃহস্পতিবার রাতে ওসমানী হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন থাকা ওই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর রাতে তাকে হাসপাতালে না পেয়ে তিনি পালিয়ে গেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুক্রবার সকালে ওই নারীকে উদ্ধারের পর পুলিশ জানতে পারে, পালিয়ে নয়, হাসপাতালের ছাড়পত্র নিয়েই বাড়ি ফেরেন তিনি।

বৃহস্পতিবার সকালে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটি জানান সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামের বাসিন্দা ওই নারী গত বুধবার ওসমানী হাসপাতালে সন্তান প্রসব করেন। প্রসবের কিছুক্ষণ পরই ওই সন্তান মারা যায়।

Share





Related News

Comments are Closed