Main Menu

জুড়ীতে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: করোনা ভাইরাসের ফলে শ্রমিক শংকটে থাকা কৃষকের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

তিনি বৃহস্পতিবার সকালে তাঁর নিজ উপজেলা জুড়ীর পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দেন।

জানা যায়, করোনাভাইরাস কেন্দ্রিক লকডাউনের ফলে জুড়ীতে ধান কাটা শ্রমিক সংকটে ভোগছেন কৃষকরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব, ছাত্রলীগ নেতা তাপস দাস, আরিয়ান মাহবুবসহ একদল ছাত্রলীগকর্মী ধান কাটতে মাঠে নামেন।

এদিকে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে হাকালুকি হাওর এলাকায় কৃষকের ধান কেটে দেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক ধান কাটা পরিদর্শন করেন।

কৃষক ফিরোজ মিয়া বলেন, শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। কৃষকের এই দুর্ভোগে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়।

এস এম জাকির হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকরা চিন্তিত। এমতাবস্থায় তাঁদের সাহায্যার্থে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আমাদের এ প্রচেষ্টা।

Share





Related News

Comments are Closed