Main Menu

মারা গেলেন সিলেটে করোনা আক্রান্ত ডা. মঈন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।ইন্নালিল্লাহি…রাজিউন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা আনিসুর রহমান জানান, তিনি আগে থেকেই ভেন্টিলেটরে ছিলেন। সংক্রমণ তার হার্টে ছড়িয়ে পড়েছিলো গতকাল মঙ্গলবার রাত থেকে তার শরীর বেশি খারাপ করে। তিনি আরও জানান, সংক্রমণ বিধি মেনে ঢাকায়ই তার দাফন হবে।

ডা. মঈন উদ্দিন ছিলেন সিলেটের প্রথম করোনা রোগী। গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে। রোগ ধরা পড়ার পর শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদের এবং পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়।

এদিকে, তার শরীরের অবস্থা খারাপের দিকে গেলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শারীরিক অবস্থা উন্নতি না হলে ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল পৌনে ৭টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ডাঃ মঈন উদ্দিন সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ছাতক উপজেলায়।

 

Share





Related News

Comments are Closed