Main Menu

সিলেটে করোনায় আরও এক নারী আক্রান্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরো এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। আক্রান্ত ওই নারীর স্বামী ২০ দিন আগে তার কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি সুনামগঞ্জে আসেন বলে জানিয়েছে পরিবার।

রবিবার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। আক্রান্ত ওই নারীর স্বামীর নাম মুসলিম। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করায় কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি বাড়ি চলে আসেন।

গর্ভবতী ওই নারী ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগে ভর্তি ছিলেন। গত শুক্রবার সিজার হওয়ার পর সন্তান জন্মদানের পর প্রসূতি ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তখন তার শরীরের নমুনা নিয়ে গতকাল রোববার ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সোমবার সকালে ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, সকাল নয়টায় করোনা আক্রান্ত ওই নারীকে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের এক প্রসূতি নারীর শরীরে রোববার পরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়েছে।

যেহেতু আক্রান্ত নারী ওসমানী মেডিকেলের গাইনি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তাই এ বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও তিনি জানান।

একটি সূত্র জানায়- ৬ষ্ঠ দিন রোববার সিলেটের ল্যাবে মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে এক নারীর করোনা পজিটিভ এসেছে। এছাড়া নেগেটিভ এসেছে বাকিদের।

এদিকে করোনা ভয়াবহতায় এগিয়ে গেছে সুনামগঞ্জ। এর আগে গত শনিবার পঞ্চম দিনের পরীক্ষায় সুনামগঞ্জের আরও একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। এ দিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২জন।

এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়।

প্রথম দিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে বুধবার দ্বিতীয় দিনও ২৪ জনের করোনা সনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং বৃহস্পতিবার তৃতীয় দিনও ৪৮ এবং শুক্রবার চতুর্থ দিনের ৪৮ রিপোর্টও নেগেটিভ আসে। তবে পঞ্চম দিন শনিবার ৯৪ জনের মধ্যে একজন ও রোববার ৬ষ্ঠ দিনে ৯১ জনের মধ্যে একজনের করোনা ভাইরাস ধরা পড়ে।

Share





Related News

Comments are Closed