Main Menu

হবিগঞ্জ জেলা ‘লকডাউন’

হবিগঞ্জ প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধে এই প্রথম কোনো জেলা “লকডাউন” ঘোষণা করা হলো।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত গ্রহণের সময় সংসদ সদস্য মো. আবু জাহির ছাড়াও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে আজ এ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। করোনার কারণে সৃষ্ট সংকট পরিস্থিতি মোকাবিলায় এ জেলার গ্রামে গ্রামে ত্রাণ বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত দু’দিনে হবিগঞ্জ থেকে করোনা সন্দেহ ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে ৩১ জনের নমুনা পরীক্ষায় মেলেনি করোনা ভাইরাস। এছাড়া হবিগঞ্জে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৯০ জনের। এখনো রয়েছেন ১১৪ জন। বর্তমানে আইসোলেশনে দু’জন। ১০ জন পেয়েছেন ছাড়পত্র।

Share





Related News

Comments are Closed