Main Menu

সিসিকের খাদ্য সহায়তা পেল ৫১,২০০ পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ড থেকে এ পর্যন্ত নগরের ৫১ হাজার ২০০ পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। গত ৩১ মার্চ মঙ্গলবার থেকে প্রতিদিন রাতে বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এ ফান্ড থেকে।

শুক্রবার রাতে নগররের ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে নাগরিকদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আজম খান, তাকবির ইসলাম পিন্টু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ।

এছাড়া একই রাতে খাদ্য ফান্ডের আওতায় সিটি করপোরেশনের ৩, ১৮, ১৯, ২০, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসব ওয়ার্ডে ২০ হাজার ১শ পরিবার খাদ্য সামগ্রী সহায়তা পেয়েছেন। প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, তেল ১ লিটার ও আধা কেজি লবণ প্রদান করা হয়েছে।

সিটি করপোরেশনের দূর্যোগ মোকাবেলা স্থায়ী কমিটির তত্বাবধানে ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সংকটকালীন এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে নাগরিকদের ঘরে ঘরে।

করোনার সংক্রমন প্রতিরোধে বাধ্যতামূলক দীর্ঘ ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় সিলেট সিটি করপোরেশন এলাকায় অবস্থানকারী নাগরিকদের খাদ্য সংকট নিরসনে এই ফান্ড গঠন করে সিলেট সিটি করপোরেশন। খাদ্য ফান্ডে যারা আর্থিক ও খাদ্যপন্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঘরে অবস্থানের আহবান জানান তিনি। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে ঘুরাফেরা থেকে বিরত থাকতে নগরবাসির প্রতি অনুরোধ জানান তিনি।

ইতিমধ্যে প্রবাস ফেরত যেসব নাগরিকদের হোম কোয়ারেন্টিনে থাকতে প্রশাসন নির্দেশ দিয়েছে, তাদের সেই নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে নগরবাসীকে জনসমাগম এগিয়ে চলতে এবং প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবানও জানান তিনি।

সিসিক সূত্র জানায়, করোনা ভাইরাস ইস্যুতে ঘরবন্দি কর্মহীন মানুষের সাহায্যার্থে ফাণ্ড গঠন করে সাহায্যের আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল পরিমাণ সহযোগীতা করেন নগরের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা। সরকার থেকেও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয় সিসিকে। সেই সঙ্গে সিসিকের তহবিল থেকে ক্রয় এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অনুদানে বড় হয়ে ওঠে সিসিকের ত্রাণভাণ্ডার।

সিসিকের তথ্য অনুযায়ী, ত্রাণ জমা হয়েছে ৩৭৬.৬৫ টন চাল, ১৭১.৫৪ টন আলু, ৭৯.৫০ টন পেঁয়াজ, ৭৫.৪৭ টন ডাল, ৭১.৫৭ টন তেল, ৪৯.৫ টন লবন ছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে ১০০ টন চাল বরাদ্দ আসে।

মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই ত্রাণ থেকে প্রতি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে তেল, ডাল, লবন ও সাবান, মাস্ক দেওয়া হচ্ছে। ২৭টি ওয়ার্ডে ৬৮ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার কথা থাকলেও শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত ২৭ ওয়ার্ডের ৭৯ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া সম্পন্ন হবে।

এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে শুক্রবার (৩ এপ্রিল) রাতে এক অফিস আদেশ জারি করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এতে সিসিকের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের স্ব স্ব ওয়ার্ডে বসবাসরত হতদরিদ্র নাগরিকের মধ্যে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সমভাবে বন্টন করার অনুরোধ জানানো হয়। কোনো ভাবেই স্ব স্ব ওয়ার্ড বহি:র্ভূত এলাকায় এবং ভোটার ভিত্তিক তা বন্টন করা যাবে না।

Share





Related News

Comments are Closed