Main Menu

করোনা চিকিৎসায় আশার আলো দেখালো জাপান

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার নিয়ে বিশ্বজুড়ে নানা পরীক্ষা-নিরীক্ষার মাঝেই অনেকটা আশার আলো দেখালো জাপানের ফুজি ফিল্ম। এই মরণ ভাইরাসের চিকিৎসায় তারা নিজেদের অ্যাভিগান ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন।

অ্যাভিগানের জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। সাধারণত, ঠান্ডা, কিংবা সর্দি-কাশির চিকিৎসায় ওধুষটি ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি চীনে করোনার চিকিৎসায় ওষুধটি অবিশ্বাস্য সফলতা দেখায়। চীনের চিকিৎসকরা পরীক্ষামূলকভাবে যেসব করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে এই ওষুধ প্রয়োগ করেছেন তারা তুলনামূলক অন্য রোগীদের চেয়ে দ্রুত সুস্থ হয়েছেন। এ থেকেই এই ওষুধে আশা দেখছে ফুজি ফিল্ম।

বুধবার (১ এপ্রিল) ফুজি ফিল্মের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা প্রথমে তথ্য সংগ্রহ করবো। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে অনুমোদনের জন্য আবেদন করবো। সামান্য নিউমোনিয়ায় আক্রান্ত ২০ থেকে ৭৪ বছর বয়সী রোগীদের সর্বোচ্চ একদিনের জন্য ওষুধটি দেয়া হবে। প্রাণীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাই এটি অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে প্রয়োগ করা হবে না।’

আসছে জুনের শেষ নাগাদ অন্তত ১০০ জন রোগীর শরীরে এই অ্যাভিগান পরীক্ষামূলকভাবে ট্রায়াল করতে চায় ফুজি ফিল্ম।

অ্যাভিগান সম্পর্কে গেল শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘আমরা করোনা ভাইরাসের চিকিৎসা হিসেবে অ্যাভিগানের আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া শুরু করবো।’

এরইমধ্যে গেল মাসেই অ্যাভিগানের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে বলে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে। জাপানেও দুই ধাপের পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, অ্যাভিগান কোনও রোগীকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে তুলতে সক্ষম। যদিও তখন ওই ট্রায়ালে ফুজি ফিল্ম যুক্ত ছিল না। এবার তারা তৃতীয় ধাপের ট্রায়ালটি করতে প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি চীনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অ্যাভিগানের দারুণ কার্যকারিতার পরই প্রাণঘাতি এই ভাইরাসের চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহারের দ্রুত অনুমোদন দেয়ার চেষ্টা করছে জাপান সরকার।

ইতোমধ্যে বিশ্বের আরও অনেক দেশ করোনার ভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অ্যাভিগানের পরীক্ষামূলক প্রয়োগ চালাতে আগ্রহ দেখাচ্ছে।

Share





Related News

Comments are Closed