Main Menu

ইতালিতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গোটা ইতালিতে এখন মৃত্যুর মহোৎসব। আর সেই মৃত্যুর তালিকায় বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের নামও। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম অপু। তিনি ইতালির মিলান শহরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।

স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ২ বাংলাদেশির মৃত্যু হলো। আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ৪ বাংলাদেশি।

কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অপু। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার পরিবারও দীর্ঘদিন ধরে মিলান শহরে বাস করছে।

অপুর মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে গত ২০ মার্চ ইতালিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম কোনও বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। সেটাও এই মিলান শহরেই। ওই ব্যক্তিও দীর্ঘদিন ধরে মিলানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইতালির মিলান, বেরগামো, ব্রেসিয়া, বৃহত্তর লোম্বাদিয়া, ভারেজে, তরিনো, রোমসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন।

Share





Related News

Comments are Closed