Main Menu

যশোরে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস নিয়ে সচেতনায় যশোরে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা লাগিয়ে দিচ্ছে জেলা প্রশাসন।

কর্তৃপক্ষ বলছেন, সাধারণ মানুষ যেন বুঝতে পারে এসব বাড়িতে বিদেশ ফেরত মানুষ রয়েছে এবং সে অনুযায়ী অন্যরা সর্তকতা অবলম্বন করে চলতে পারে।

জেলা প্রশাসনের নির্দেশে জেলায় ৫ হাজার ৫৭৩ জনের বাড়িতে লাল নিশানা লাগানো হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে যশোর উপশহরের বি-ব্লকে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই উপস্থিত থেকে পতাকা লাগানোর কাজ করছেন। পাশাপাশি, গ্রাম পুলিশের সদস্যরা বিদেশ থেকে ফেরত প্রবাসীদের বাড়িতে এ নিশানা লাগাচ্ছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মাদ মাহমুদুল হাসান জানান, গত ৯ থেকে ১৮ মার্চ যারা বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বাড়িতে লাল নিশানা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ইতোমধ্যে প্রত্যেক জেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিদেশ ফেরতদের বাড়িতে লাল নিশানা লাগাতে নির্দেশ দেয়া হয়েছে এবং সে মোতাবেক কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি।

সহকারী কমিশনার মাহমুদুল বলেন, জেলার ৫ হাজার ৫৭৩ জনের বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে। তার মধ্যে যশোর সদরে ২ হাজার ২৮৫, অভয়নগরে ৭৫৬, বাঘারপাড়ায় ৩১৯, চৌগাছায় ২০৩, ঝিকরগাছায় ৫২১, কেশবপুরে ৩১৮, মণিরামপুরে ৫৩৯ এবং শার্শায় ৬৩২ বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed