Main Menu

দেশে আরো তিনজন করোনা আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে (এনকভ-১৯) দেশে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। এ নিয়ে দেশে মোট ২০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বাড়েনি।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজধানীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত তিন জন আলাদা পরিবারের। এরমধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নারী ও একজন পুরুষের বয়স ৩০ বছর। অপর পুরুষের বয়স ৭০ বছর। তিনি আশঙ্কাজনক অবস্থায় ইনটেনসিভ কেয়ার সেন্টারে (আইসিইউ) আছেন।

তিনি জানান, এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৪ জনকে ও ৩০ ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক নাসিমা বলেন, এই পরিস্থিতিতে ইভিএম-এ ভোট হলে ঝুঁকি রয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮ জনে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৪৫ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ১৪৫ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৭ হাজার ৩৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Share





Related News

Comments are Closed