Main Menu

দেশে নতুন দুই করোনাভাইরাসের রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত হয়েছেন। ফলে মরণঘাতি এই ভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ জনে।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবনে জরুরি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘তাদের একজন ইতালি থেকে এসেছেন, আরেক জন জার্মানি থেকে ফিরেছিলেন। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।’

তিনি জানান, তারা দুজন আগেই দেশে আসেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। শনিবার তাদের করোনা পরীক্ষা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে দেশে আরও তিনজন করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ হয়ে উঠেছেন। তারা তিনজনই ইতালি থেকে দেশে এসেছিলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, যুক্তরাজ্য বাদে করোনাভাইরাস আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ শনিবার মাধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি বলেন, দেশে যে পাঁচ করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে তাদের মধ্যে চারজন বিদেশ থেকে আগত এবং একজন তাদের সাথে থাকার কারণে আক্রান্ত।

সরকার ১৫ মার্চ থেকে সব দেশের জন্য অন এরাইভাল ভিসা স্থগিত করেছে বলেও জানান মন্ত্রী।

এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন।

এ তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন বলে শনিবার জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং আরেকজনকে গত ২৪ ঘণ্টার মধ্যে একটি পরীক্ষা করা হয়েছে, যেটি নেতিবাচক এসেছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি পরীক্ষা করা হবে। এ পরীক্ষার রিপোর্টও যদি নেতিবাচক আসে তাহলে আমরা ওই রোগীকে ছাড়পত্র দিতে পারব।’

Share





Related News

Comments are Closed