Main Menu

ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গণিত বিভাগের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে আনন্দ র‌্যালি বের করা হয়।

জানা গেছে, বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সজিব আলী, সহযোগী অধ্যাপক ড. অতিশ কুমার জোয়ারদার এবং সহযোগী অধ্যাপক আব্দুল আল মোহিত। এছাড়াও র‌্যালিতে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিতি হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি থাকলেও করোনা থেকে বাঁচতে তা বাতিল করা হয়।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে ১৪ মার্চ আন্তর্জাতিক ‘পাই’ দিবস পালিত হলেও প্রথমবারের মত এ দিনটিকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হচ্ছে। গত বছর ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০ তম বার্ষিক সভায় ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed